আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৩ জন নিহত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে তিনজন প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে।
ইসরায়েলি এবং আমিরাতভিত্তিক গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ, তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।
সালেহ আহমেদ গত দীর্ঘদিন ধরে আমিরাতে খাবার সরবরাহকারী কর্মী হিসেবে কাজ করছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি, সন্ধ্যায় ইফতারের পর কর্মস্থলে যাওয়ার পথে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরান ১৬৫টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে, যার মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া, দুটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।
এছাড়া, ৫৪১টি চালকবিহীন উড়োজাহাজের মধ্যে ৫০৬টি আকাশে ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশপথ সুরক্ষিত রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।