লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১০ এপ্রিল) দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানায়, হামলার সময় দিপালী তার নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। একই হামলায় তার নিয়োগকর্তা ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে, যা স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে এই হামলা চালানো হয়। ওই হামলায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং আরও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।