আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, বরং তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা মো. নুর আলম ও পরিবারের সদস্যরা।
নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, গত ১১ এপ্রিল শারজাহতে নিজ কর্মস্থলে হেলালকে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্বজনরা। সহকর্মীদের মাধ্যমে প্রথমে মৃত্যুর খবর পান পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান হেলাল। সেখানে তিনি নুর আল কামাল পেইন্ট কন্ট্রাকটিং নামে একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করতেন। তার ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তবে কিছুদিন আগে দেশে ফিরে আসেন।
একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো তথ্য তাদের কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।