স্পেনে ৫ লাখ অভিবাসীর বৈধতা, বার্সেলোনায় বাংলাদেশিদের আনন্দ-উল্লাস
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম
ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ যখন সীমান্ত কঠোর করা ও দেয়াল নির্মাণের পথে এগোচ্ছে, তখন ভিন্ন পথ বেছে নিয়েছে স্পেন। দেশটির সরকার এক যুগান্তকারী সিদ্ধান্তে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থনীতি, জনসংখ্যা ও বাস্তবতার দিক বিবেচনায় এই উদ্যোগকে ন্যায্য পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এই গণক্ষমা ঘোষণার পর বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদের উল্লাস করতে দেখা গেছে। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা স্পেন সরকারকে ধন্যবাদ জানান।
এই সুযোগ পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ দিতে হবে এবং অপরাধমুক্ত থাকার শর্ত পূরণ করতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।
সরকারের মতে, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জনসংখ্যার বার্ধক্য ও শ্রমঘাটতি মোকাবিলায় তাদের বৈধতা দেওয়া জরুরি। একই সঙ্গে অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কাজের জন্য অভিবাসনের ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
অন্যদিকে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, এমন উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং নতুন করে আরও অভিবাসীর আগমন বাড়াতে পারে। যদিও ক্যাথলিক চার্চসহ কিছু মহল এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। ইউরোপজুড়ে কঠোর নীতির বিপরীতে স্পেনের এই সিদ্ধান্ত নতুন বিতর্ক তৈরি করেছে।