যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। নিহত শিক্ষার্থী জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের পরও এখন পর্যন্ত নাহিদা বৃষ্টির কোনো সন্ধান পাওয়া যায়নি।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে হিশামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটক, প্রমাণ নষ্ট করা, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নিখোঁজ নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তাদের দুজনেরই বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা গিয়েছিল।

এদিকে, জামিল লিমনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন শিগগির প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নাহিদা বৃষ্টিকে উদ্ধারে জোরালো তল্লাশি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495