সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজবাড়ীর মুরাদ শেখ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।
নিহতের বড় ভাই, কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন মোবাইল ফোনে জানান, ২৩ এপ্রিল সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সৌদি সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন বলেন, মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে। সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত মরদেহ দেশে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।