ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ ছাত্রদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি দুটি পিস্তল ও গুলিসহ ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানে তাদের হেফাজত থেকে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার উথুরী গ্রাম থেকে দুই ভাই এবং হাটুরিয়া এলাকা থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তাররা হলেন, উথুরা গ্রামের মোশাররফ হোসেনের দুই ছেলে মো. কামরুল ও মো. ছাব্বির হোসেন। তারা উভয়েই ছাত্রদলের কর্মী। অপর গ্রেপ্তার মো. মুক্তার হোসেন (৩৬) গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সাব্বির ও কামরুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একই সময়ে হাটুরিয়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত ছাত্রদল নেতা মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি, দেশীয়ভাবে তৈরি নয়টি অস্ত্র, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও তিনটি ছুরি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।