রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে ভোরে নিজ ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন খুলনা রেলওয়ে পুলিশে কর্মরত কনস্টেবল সম্রাট বিশ্বাস। পরিবারের দাবি, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগারে দায়িত্ব পালনকালে তিনি নিজের চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট ছিলেন সবার ছোট। ২০১৮ সালে তিনি কনস্টেবল পদে পুলিশে যোগ দেন। চাকরির সময় তার পরিচয় হয় সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয় এবং আগামী মাসে আনুষ্ঠানিক বিবাহের কথা ছিল।

তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলছিল বলে পরিবারের দাবি। গতরাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভোরে আত্মহত্যা করেন।

সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, সহকর্মীদের কাছ থেকেও জানতে পেরেছি তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতরাতের ঘটনার পরই সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

অন্যদিকে, তার দুলাভাই বিপ্লব কুমার সেন বলেন, পারিবারিক কোনো বড় সমস্যা ছিল না। তবে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার দ্বন্দ্ব চলছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানতে চাই।

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দায়িত্ব পালনকালে সম্রাট বিশ্বাস নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495