চাহিদা মতো চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

ছবি: সংগৃহীত

সাভারে চাঁদার টাকা না পেয়ে দুই ডাব বিক্রেতার ভ্যানভর্তি ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত আরমান হোসেন বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ভুক্তভোগী নুর আলম জানান, তিনি প্রতিদিনের মতো ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলেন। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে প্রায় ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।

আরেক বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করেন, একইভাবে তাকেও চাঁদার জন্য হুমকি দেওয়া হয় এবং চাঁদা না দেওয়ায় তার মালামালও নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএনপি নেতা ও স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর মুঠোফোন বন্ধ করে দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495