সাভারে ঝুট দখলচেষ্টা: এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাল ছাত্রদল নেতাকর্মীরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

ছবি: সংগৃহীত

সাভারে একটি পোশাক কারখানাকে কেন্দ্র করে ঝুট ব্যবসা দখলের অভিযোগে স্থানীয়দের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় অবস্থিত তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮-১০টি মোটরসাইকেলে করে কয়েকজন ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মী কারখানার সামনে আসেন। পরে সাব্বির, শাওন, তুহিনসহ আরও কয়েকজন ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ঝুট ব্যবসা নিয়ে কথা বলতে গিয়ে ব্যবসা বন্ধের হুমকি দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা কারখানার সামনে জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে শ্রমিক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ঝুট ব্যবসার জন্য নয়, বরং এক্সেসরিজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে কারখানায় গিয়েছিলেন। কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আকস্মিকভাবে এলাকাবাসী তাদের ওপর হামলা চালালে তারা সেখান থেকে সরে যান।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495