ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভবনে এনসিপি ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে অবস্থান নেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। তিনি অভিযোগ করে বলেন, দলের ভেতরে কিছু সুবিধাবাদী চক্র জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মাথায় আঘাত পাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495