পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।

জানা যায়, দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত আয়ের আশায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে রানার বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন দুই শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495