কুড়িগ্রামে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত করে ৬৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মুকুল মিয়া এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মিয়া। তাদেরকে পরবর্তী ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে আরও ১০ জনকে একই পদে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন শাহজাহান আলী সুমনসহ ৭ জন। সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন দায়িত্ব পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনি রয়েছেন।
নতুন কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসা রয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, “এই কমিটি গঠনের ক্ষেত্রে নেতৃত্বের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের কর্মকাণ্ডকে মূল্যায়ন করা হয়েছে।”
তিনি জানান, আহ্বায়ক ও সদস্য সচিব পদে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণের পর রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়। এতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. আতিক আরও বলেন, “এখানে পদ-পদবী নয়, যোগ্যতাই মুখ্য বিষয়। আশা করি, এই কমিটি আগামী দিনে কুড়িগ্রামের গণমানুষের পাশে থাকবে।”