২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোক পালনের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রীয় শোক উপলক্ষ্যে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির কথা আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ শীর্ষক লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনার কথা ছিল। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, হাতঘড়িসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়।

এদিকে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার আনুষ্ঠানিকভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে এই শোক পালন করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495