সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার পরিকল্পনা করেছে। আন্দোলনে অংশ নেবে মূলত যারা ফেল করেছে বা আশানুরূপ জিপিএ পায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে ইতোমধ্যেই ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আন্দোলনের আহ্বানকারী শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে — সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা, বোর্ড চ্যালেঞ্জে শুধু খাতা পুনঃনিরীক্ষণ নয় বরং পুনর্মূল্যায়ন করা, ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ ও প্র্যাকটিক্যাল) পুনরায় যাচাই করা, ফেল করা বিষয়গুলোর নম্বর সব অংশসহ আলাদাভাবে প্রদর্শন করা এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের সুযোগ দেওয়া।
এর আগে ১৯ অক্টোবর আন্দোলনের আহ্বান জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবারের ঘোষণায় শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সবচেয়ে কম। ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ। এবার শুধু পাসের হার নয়, জিপিএ-৫সহ সব সূচকেই বড় ধস নেমেছে।
বিশ্লেষণে দেখা গেছে, সিলেট বোর্ডে সবচেয়ে বড় ধস হয়েছে—এখানে পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম। কুমিল্লা বোর্ডে পাসের হার সবচেয়ে কম ৪৮.৮৬ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডেও রেকর্ড পতন ঘটেছে, সেখানে পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৭৮.৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে (গতবার ছিল ৯১.৩৩%), ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৫৮ শতাংশ এবং মানবিক বিভাগে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।