গাজার রাফা সীমান্ত পরিদর্শন করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১০ এএম

ছবি: সংগৃহীত

গাজার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

শুক্রবার (২ জানুয়ারি) তিনি গাজার সঙ্গে মিসরের রাফা সীমান্ত অংশ এবং মিসরের আরিশ শহরের একটি স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন। সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে রাফা ক্রসিংয়ে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে তাকে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। সফরকালে তিনি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মানবিক সহায়তায় যুক্ত স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন।

রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক জোলিকে জানান, সীমান্ত এলাকায় বর্তমানে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সফরে জোলি গাজা থেকে মিসরে স্থানান্তরিত আহত ফিলিস্তিনিদের অবস্থা প্রত্যক্ষ করেন এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি কিংবা মিসরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ঘোষিত যুদ্ধবিরতির আওতায় রাফা সীমান্ত পুনরায় খোলার কথা থাকলেও বাস্তবে সীমান্তটি এখনও পুরোপুরি চালু হয়নি। এতে মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে।

প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলি ২০২২ সালের শেষ দিকে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। দীর্ঘ দুই দশকের বেশি সময় এই দায়িত্ব পালনের পর তিনি আরও বিস্তৃত পরিসরে মানবিক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, গাজা উপত্যকায় একাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রম ইসরায়েলের পক্ষ থেকে স্থগিত ঘোষণার প্রেক্ষাপটে অ্যাঞ্জেলিনা জোলির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495