এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে: কুদ্দুস বয়াতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সমসাময়িক নানা ইস্যুতে মন্তব্য করার ধারাবাহিকতায় মুস্তাফিজ ইস্যুতে ভারতকে খোঁচা দিয়ে বয়াতি লেখেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে—যেমন ইন্ডিয়া বনাম ভারত।’
তার এই মন্তব্যের ঘরে অনেক অনুসারী সমর্থন জানিয়েছেন। অনেকের কাছে পোস্টটি হাস্যরসাত্মক হিসেবে ধরা পড়েছে। কেউ কেউ এ বক্তব্য নিয়ে গান বাঁধারও প্রস্তাব দিয়েছেন কুদ্দুস বয়াতিকে।
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।