সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অভিনেত্রী রিনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতেই তিনি মাঠে নেমেছেন।
তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ সময় সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে রিনা খান বলেন, তিনি দল থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদী।
রিনা খান অভিযোগ করেন, গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’
এর আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশ টেলিভিশনের নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।