স্ত্রীর আত্মহত্যার পর নিখোঁজ জাহের আলভী, দেশে ফিরলেই হবেন গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম
মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গত ২৮ ফেব্রুয়ারি ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকরার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ইকরার পরিবারের পক্ষ থেকে জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানা গেছে। আইনি জটিলতা এবং জানাজায় অংশগ্রহণ এড়াতে তিনি দেশে ফেরেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায়, আলভী নাকি দেশে ফিরে আত্মগোপনে রয়েছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, তিনি এখনও দেশে ফেরেননি। যদিও নেপালে থাকা শুটিং দলের অন্য সদস্যরা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। পল্লবী থানার তদন্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, দেশে ফিরলেই আলভীকে গ্রেপ্তার করা হবে।
ঘটনার পর অভিনেত্রী ইফফাত আরা তিথির নামও আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, তার সঙ্গে আলভীর সম্পর্ক ছিল। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিথির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ভবিষ্যতে অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ইকরার ঘনিষ্ঠজনদের অভিযোগ, মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক প্রতারণার মাধ্যমে ইকরাকে ভেঙে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ইকরার সঙ্গে আলভীর বিয়ে হয়। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের এক পুত্রসন্তান রিযিক রয়েছে।