হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান বাবু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
ঢাকাই শোবিজ অঙ্গনের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কামরুজ্জামান সাগর জানান, অস্ত্রোপচারের পর বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে।
গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।
পরিস্থিতি বিবেচনায় গত ১৯ তারিখ তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
দীর্ঘদিনের ক্যারিয়ারে ফজলুর রহমান বাবু অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি গায়ক হিসেবেও তিনি সমান জনপ্রিয়। বিশেষ করে মনপুরা চলচ্চিত্রের গান তাকে সংগীত অঙ্গনে আলাদা পরিচিতি এনে দেয়।