সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে (ভিডিও)

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে নাটকের দৃশ্যধারণের সেটে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-এর বিরুদ্ধে। এ অভিযোগ তুলেছেন অভিনেত্রী সামিয়া অথৈ।

জানা গেছে, নির্মাতা রাফাত মজুমদার রিংকু-এর নতুন একটি নাটকের দৃশ্যধারণ চলাকালে এ ঘটনা ঘটে। নাটকটিতে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী।

অভিযোগ সূত্রে জানা যায়, তিশার নতুন চলচ্চিত্রের খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান অথৈ। তবে তিশা সেই উপহার গ্রহণে অস্বীকৃতি জানান বলে দাবি করা হয়েছে। এতে অথৈ বিব্রত ও হতবাক হয়ে পড়েন।

মূল ঘটনা ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্য ধারণের সময়। অভিযোগ অনুযায়ী, ক্যামেরা চলাকালে তিশা চিত্রনাট্যের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দেন। এতে তার হাত ছুলে রক্ত বের হয় বলে অভিযোগ। যদিও ঘটনাটি অত্যন্ত অপমানজনক ও কষ্টদায়ক ছিল, তবুও সে সময় কোনো প্রতিবাদ না করে নীরব থাকেন অথৈ।

ঘটনাটি মনিটরে বসে প্রত্যক্ষ করেন শহিদুজ্জামান সেলিম ও নির্মাতা রিংকু। পরে সেলিম অথৈয়ের কাছে জানতে চান, তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল কি না। তখন অথৈ দাবি করেন, এর আগেও তিনি হুমকির মুখে পড়েছিলেন।

অথৈর ভাষ্য, অভিনেতা মুশফিক আর ফারহান-এর সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে ওই অভিনেতার সঙ্গে কাজ না করার জন্য হুমকি দেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েল-সহ আরও কয়েকজনকেও একইভাবে নিষেধ করা হয় বলে অভিযোগ। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। পরবর্তীতে বিষয়টি ফারহানকে জানিয়ে অথৈ তার সঙ্গে আর কাজ করেননি।

সামিয়া অথৈর অভিযোগ, পুরোনো সেই ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে তানজিন তিশা তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন।

তবে এ বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495