কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সংগীতের ইতিহাসে বহুমুখী প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভারতীয় ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও অসংখ্য গান গেয়ে বিরল কৃতিত্ব গড়েছেন তিনি।
শাস্ত্রীয়, লোকসংগীত, আধুনিক গান থেকে গজল—সব ধারাতেই তার অসাধারণ দক্ষতা ও অনায়াস মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তার কণ্ঠে প্রতিটি গানই পেয়েছে আলাদা মাত্রা, যা শ্রোতাদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।
দীর্ঘ সংগীতজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু সম্মাননা। দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন এই বরেণ্য শিল্পী।
এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা জনপ্রিয় পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।