মাছ-ডিম খেতে গেলেই মনে হয় কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছি: জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন তার ভিন্নধর্মী খাদ্যাভ্যাস ও জীবনদর্শন নিয়ে। ফিটনেস ও রূপ ধরে রাখার জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী খাবার নিয়ে তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কারণে সহকর্মীদের মাঝেও কৌতূহলের জন্ম দেন।
মেকআপ রুম কিংবা শুটিং সেট সব জায়গাতেই জয়ার খাবারের তালিকা অন্যদের থেকে আলাদা। যেখানে অনেকে ওজন কমাতে কঠোর ডায়েট মেনে চলেন, সেখানে জয়া স্বাচ্ছন্দ্যে নানা ধরনের খাবার উপভোগ করেন। তিনি নিজেই জানিয়েছেন, খাওয়ার মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া তার কাছে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। গত তিন বছর ধরে নিজেকে প্যাস্কিটেরিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি। জয়ার ভাষায়, তিনি খেতে ভালোবাসেন এবং নিয়ম মেনে বিদেশি ডায়েট অনুসরণে বিশ্বাসী নন।
তবে তার খাদ্যাভ্যাসে এসেছে বড় ধরনের মানসিক পরিবর্তন। এখন মাছ বা ডিম খেতেও দ্বিধায় ভোগেন জয়া। তার মতে, এসব খেতে গেলে মনে হয় যেন কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছেন। তিনি এটিকে নিজের মানসিক সমস্যাও হিসেবে উল্লেখ করেছেন।
প্রাণীর অধিকার নিয়ে কাজ করতে গিয়েই এই অনুভূতি আরও গভীর হয়েছে বলে জানান জয়া। এমনকি মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রেও তার মনে হয়, যেন রাস্তার অসহায় প্রাণীদের খাবার তিনি খেয়ে ফেলছেন। তবুও পুষ্টির গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে নারীদের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জরুরি।
শুটিং সেটে তার পছন্দের খাবারের কথাও জানান এই অভিনেত্রী। শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ না থাকলে তার মেজাজ ঠিক থাকে না- এগুলোকে তিনি শুটিংয়ের ‘জাতীয় খাবার’ বলেও উল্লেখ করেন। এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার নিত্যসঙ্গী।
শৈশব থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি তার আগ্রহ রয়েছে। অনেকেই মজা করে বলেন, তিনি সবই কাঁচা খান। তবে জয়া স্পষ্ট করে জানিয়েছেন, সবকিছু না হলেও অনেক কিছুই কাঁচা খেতে পারেন তিনি।