তানজিন তিশার বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালেন। সম্প্রতি অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’র করা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে।

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নেওয়ার পর কাজ না করে তা ফেরত দিচ্ছেন না—এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।

এম এন রাজ পরিচালিত সিনেমাটিতে বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শরমণ যোশির বিপরীতে তিশার অভিনয় হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা জটিলতার অজুহাত দেখিয়ে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। তবে প্রযোজকের দাবি, এর পেছনে অন্য কারণ রয়েছে। শরীফ খান বলেন, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে তিনি টালবাহানা করছেন।

প্রযোজক জানান, প্রথমে তিশাকে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয়েছিল, পরে তার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়। সবকিছু চূড়ান্ত হওয়ার পর প্রোডাকশন হাউজ থেকে তার ভিসা প্রসেসিং ও স্লট প্রস্তুত করা হলেও, মাত্র দুই দিন আগে তিনি জানিয়ে দেন যাওয়া সম্ভব হবে না। এতে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়, যা প্রযোজকের জন্য বড় ধরনের লোকসান সৃষ্টি করে। শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার অজুহাতও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শরীফ খান বলেন, তিনি তিশাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সিনেমা আর করতে হবে না এবং অগ্রিম টাকা ফেরত দিতে হবে। কিন্তু তিশা টাকা ফেরত দিতে এখনও নীরব রয়েছেন। একই সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার তার চরিত্র না করার সিদ্ধান্ত নিলেও অগ্রিম টাকা সঙ্গে সঙ্গেই ফেরত দিয়েছেন, যা তার পেশাদারিত্বের প্রমাণ। তিশার বদলে কলকাতার সিনেমাটিতে অভিনয় করছেন ওড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীতা।

পরপর এমন অভিযোগ ওঠার পর তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রশ্ন তুলছেন। তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495