মিস ইউনিভার্স মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
বিশ্ববিখ্যাত সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মালিকপক্ষকে ঘিরে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রতিযোগিতার থাই মালিক অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থাইল্যান্ডের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
অ্যান জাকাপং এবং তার প্রতিষ্ঠান জে কে এন গ্লোবাল প্রায় ৩ কোটি থাই বাথ—যা প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলারের সমমূল্য—সংক্রান্ত এক বিনিয়োগ বিরোধে আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন। ব্যাংককের সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট বুধবার তার অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ধারণা করা হচ্ছে, বর্তমানে তিনি পলাতক।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, ২০২৩ সাল থেকেই জাকাপং ও জে কে এন গ্লোবাল মারাত্মক আর্থিক সংকটে রয়েছে। বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারায় ২০২৪ সালে প্রতিষ্ঠানটি দেউলিয়া আদালতে পুনর্বাসনের আবেদন করে। জানা গেছে, কোম্পানিটির মোট দেনা প্রায় ৩০০ কোটি থাই বাথ।

এদিকে কোম্পানিটির আরেক সহ-মালিক রাউল রোচা কান্তু মেক্সিকোতেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি। এএফপি জানায়, তার বিরুদ্ধে মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগ তদন্তাধীন।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটি ২০২২ সালে কিনে নেন থাই ব্যবসায়ী অ্যান জাকাপং। চলতি মাসের শুরুর দিকে ব্যাংককে হওয়া সর্বশেষ আসরেও ফলাফল কারচুপি ও অনিয়মের অভিযোগে প্রতিযোগিতা বিতর্কে জড়িয়ে পড়ে।