বাংলাদেশির তোলা নামাজের ছবি টাইম ম্যাগাজিনে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টপ হানড্রেড ফটোস অব ২০২৫’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা এক আবেগঘন ছবি। গত ৩ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসে পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজা চলাকালে ধারণ করা এই ছবিতে শোকাহত মানুষের প্রার্থনা, বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি এবং কমিউনিটির ঐক্য স্পষ্টভাবে ফুটে ওঠে।
ছবিটি প্রকাশের পর দেশে ব্যাপক গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অর্জনকে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির জন্য “এক গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে উল্লেখ করেছে। তারা জানায়, এই স্বীকৃতি শুধু আলোকচিত্রী আমির হামজার শিল্পদৃষ্টি ও দক্ষতাকেই তুলে ধরে না, বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের গল্প তুলে ধরার এক মূল্যবান সাফল্য।
মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জন আমরা সবাইকে গর্বিত করেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”
নিজের সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আমির হামজা লিখেছেন, তার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবিটি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে, যা তার জন্য এক বড় সম্মান।