প্রথম তারাবির নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতেই এশার নামাজের পর শুরু হয় তারাবি, এতে বিভিন্ন বয়সী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এর আগে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরুর ঘোষণা আসে। রমজানকে ঘিরে রাজধানীজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মসজিদ প্রাঙ্গণে এশার নামাজের আগেই মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে পড়েন। অনেকের হাতে ছিল জায়নামাজ ও তসবিহ। কেউ কেউ নামাজের আগে আতর ব্যবহার করেন এবং পরিচিতদের মধ্যেও তা বিতরণ করেন। মসজিদের প্রবেশমুখে অস্থায়ীভাবে বসে আতর ও টুপির দোকান।
শুধু বায়তুল মোকাররমই নয়, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবি আদায়ে ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিরা মসজিদের বাইরেও নামাজ আদায় করেন।
এদিন মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য পর্যালোচনা করে রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।