পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মৃত হজযাত্রীরা হলেন মোঃ নইম উদ্দীন মন্ডল, মোঃ আবুল কাশেম, মোঃ সেরাজুল হক ও মোঃ খলিলুর রহমান।
বুলেটিন অনুযায়ী, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী রয়েছেন।
এ পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট।
পরিবহন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
এছাড়া সৌদি আরবে হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে।