এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুদাইফি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে আরাফার ঐতিহাসিক খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুদাইফিকে নিয়োগ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি রাজকীয় দরবার থেকে আজ এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ তারিখে পবিত্র আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় তিনি হজের মূল খুতবা প্রদান করবেন।

ইসলামি শরিয়ত অনুযায়ী, আরাফার খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসরণে প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে এই খুতবা প্রদান করা হয়। খুতবায় সাধারণত হজের তাৎপর্য, আল্লাহর রহমত, তওবা-ইস্তিগফারের গুরুত্ব এবং মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে বিদায় হজের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিকও স্মরণ করা হয়।

খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ সংক্ষেপে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন। প্রতি বছর এই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়, যা কোটি কোটি মুসলমান অনুসরণ করে থাকেন।

শায়খ আলী হুদাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছু সময় কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত কোরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495