হজযাত্রীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করলেন মিজানুর রহমান আজহারী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে যাওয়া মুসল্লিদের জন্য বিশেষ পরামর্শ সেবা ‘হজ হেল্প ডেস্ক’ চালু করেছে জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন।

হজের সঠিক বিধিবিধান সম্পর্কে ধারণা দেওয়া এবং সুন্নাহসম্মত পদ্ধতিতে ইবাদত পালনে হজযাত্রীদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে হজযাত্রীরা ফোন, মেসেজ কিংবা ইমেইলের মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় ড. মিজানুর রহমান আজহারী মাবরুর হজের গুরুত্ব তুলে ধরেন। তিনি সহিহ মুসলিমের ১৩৪৯ নম্বর হাদিস উল্লেখ করে বলেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।

হজযাত্রীরা যাতে কোনো ভুল বা ত্রুটির কারণে তাদের হজ পালন ব্যাহত না করেন এবং তা আল্লাহর কাছে কবুল হয়—এই লক্ষ্যেই মূলত হাসানাহ ফাউন্ডেশনের এই বিশেষ সেবা চালু করা হয়েছে।

হাসানাহ হজ হেল্প ডেস্কের সেবা পেতে আগ্রহীরা ০১৩৩৬৬৮৪০৩০ নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে হজ সংক্রান্ত প্রশ্ন জানতে পারবেন। এছাড়া info@hasanahfoundation.com
ঠিকানায় ইমেইলের মাধ্যমেও যোগাযোগের সুযোগ রয়েছে।

একই সঙ্গে হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজের ইনবক্স এবং নিয়মিত আয়োজন করা ফেসবুক লাইভ অনুষ্ঠানেও সরাসরি কল বা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ রাখা হয়েছে।

হজযাত্রীরা যেন ঘরে বসেই হজের বিভিন্ন জটিল বিষয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে পারেন, সেই লক্ষ্যেই এই পরামর্শমূলক সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ড. মিজানুর রহমান আজহারীর মতে, হজের প্রতিটি ধাপ সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে পালন করতে পারলেই একজন মুমিন তার কাঙ্ক্ষিত মাবরুর হজ অর্জন করতে সক্ষম হবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495