ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ!
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করার নতুন সুযোগ তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে রিলস ও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে এখন থেকে প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি আয় করতে পারবেন কনটেন্ট নির্মাতারা।
সম্প্রতি মেটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে বিশেষ একটি কর্মসূচির মাধ্যমে এই সুযোগ দেওয়া হচ্ছে। মূলত অন্যান্য মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। যেসব কনটেন্ট নির্মাতার আগে থেকেই ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে বড় অনুসারী রয়েছে, তারাই অগ্রাধিকার পাবেন।
যোগ্যতার ভিত্তিতে আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যাদের অন্তত ১ লাখ অনুসারী রয়েছে, তারা মাসে প্রায় ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আর যাদের অনুসারী সংখ্যা ১০ লাখ বা তার বেশি, তারা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
এই কর্মসূচির আওতায় নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের টানা তিন মাস নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। তবে এজন্য নিয়মিত মানসম্মত ও নির্ধারিত মানের রিলস বা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করতে হবে।
এছাড়া মেটা কনটেন্টের প্রচার বাড়াতে প্রযুক্তিগত সহায়তাও দেবে, যাতে দ্রুত বড় দর্শকগোষ্ঠী তৈরি করা সম্ভব হয়।
এদিকে ফেসবুক তাদের আয়ের ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন শুধু ভিডিও নয়, রিলস, স্টোরি, ছবি এমনকি লেখাভিত্তিক পোস্ট থেকেও আয় করা সম্ভব হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কনটেন্ট নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার প্রদান করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। বর্তমানে ফেসবুকের মোট আয়ের প্রায় ৬০ শতাংশই আসছে রিলস থেকে, আর বাকি অংশ ছবি ও লেখাভিত্তিক কনটেন্ট থেকে।
এই কর্মসূচি আপাতত আমন্ত্রণভিত্তিক। তবে আগ্রহীরা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অংশে আবেদন জানাতে পারেন। যোগ্য বিবেচিত হলে কর্তৃপক্ষ সরাসরি জানাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং তরুণ কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতেই মেটার এই উদ্যোগ। বাংলাদেশের অনেকের জন্য এটি বৈদেশিক আয় বৃদ্ধির বড় সুযোগ হয়ে উঠতে পারে।