চ্যাটজিপিটির কারিগর স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ভোর প্রায় ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সানফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি) জানিয়েছে, ২০ বছর বয়সী এক যুবক একটি মলোটভ ককটেল নিক্ষেপ করলে বাসভবনের বাইরের গেটের অংশে আগুন ধরে যায়। ঘটনার পর হামলাকারী হেঁটে পালিয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টার মধ্যে ওপেনএআই সদর দপ্তরের কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি। তবে জানা গেছে, ঘটনাটি সানফ্রান্সিসকোর নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবনে ঘটেছে।

ওপেনএআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এটি স্যাম অল্টম্যানের ব্যক্তিগত বাসভবনেই ঘটেছে। তিনি জানান, ঘটনায় কেউ আহত হয়নি এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সাম্প্রতিক সময়ে ওপেনএআই ঘিরে নিরাপত্তা উদ্বেগ ও বিক্ষোভের ঘটনা বেড়েছে। গত নভেম্বরেও হুমকির পর প্রতিষ্ঠানটির সানফ্রান্সিসকো সদর দপ্তরে সাময়িক লকডাউন দেওয়া হয়েছিল।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে জনমত বিভক্ত থাকলেও ওপেনএআই দ্রুত সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মূল্যায়ন দাঁড়িয়েছে ৮৫২ বিলিয়ন ডলার এবং চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটির বেশি। সূত্র: আল জাজিরা

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495