দেশের আকাশে দেখা যাবে লাইরিড উল্কাপাত ও গ্রহের অবস্থান বদলের দৃশ্য

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য শুরু হচ্ছে এক বিশেষ সময়। আজ শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাতের আকাশে দেখা মিলবে নানা মহাজাগতিক দৃশ্যের। এ সময় আকাশ সাজবে লাইরিড উল্কাপাত ও গ্রহগুলোর অবস্থান পরিবর্তনের অনন্য সমাহারে।

এপ্রিলের শেষার্ধের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হিসেবে ধরা হচ্ছে লাইরিড উল্কাপাত। প্রতিবছরের মতো এবারও পৃথিবী যখন থ্যাচার নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘের মধ্য দিয়ে অতিক্রম করবে, তখনই সৃষ্টি হবে এই দৃষ্টিনন্দন উল্কাবৃষ্টি।

বিশেষজ্ঞদের মতে, ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত এই উল্কাপাত সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ২০টি উল্কা চোখে পড়তে পারে। লাইরিড উল্কাগুলোর উজ্জ্বলতা বেশি হওয়ায় অনেক সময় এগুলো আকাশে দীর্ঘ আলোর রেখা তৈরি করে।

এদিকে এপ্রিলের শেষ দুই সপ্তাহে গ্রহগুলোর অবস্থানেও আসবে পরিবর্তন। পশ্চিম আকাশে শুক্র গ্রহ উজ্জ্বল থাকলেও ধীরে ধীরে দিগন্তের দিকে নিচে নামতে থাকবে। অপরদিকে মঙ্গল গ্রহের লালচে আভা সন্ধ্যার আকাশে স্পষ্টভাবে দেখা যাবে।

মাসের শেষদিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পূর্ব আকাশে শনি গ্রহ বেশ উঁচুতে অবস্থান করবে। শনির কাছাকাছি অবস্থান করবে নেপচুন গ্রহ, তবে সেটি খালি চোখে দেখা সম্ভব নয় এর জন্য প্রয়োজন হবে শক্তিশালী টেলিস্কোপ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495