রানা হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার দ্রুত বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সহপাঠীর হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে। ফলে ফার্মগেট এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যানার হাতে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, হামলাকারীদের গ্রেপ্তার এবং ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন— “রানার হত্যাকারীদের গ্রেপ্তার করো”, “ছাত্রাবাসে সন্ত্রাসী হামলা কেন?”—এ ধরনের শ্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে তারা অবরোধ-অবস্থান তুলে নেবেন না। ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
গত ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পাঁচ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগতদের হলে রাখা এবং চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। গত ৬ ডিসেম্বর রাতে মাদক সেবন করতে বাধা দিলে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে বহিরাগত শতাধিক লোক এনে ছাত্রাবাসে হামলা চালায়। এতে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। গুরুতর আহতদের একজন ছিলেন রানা—২০১৪–২৫ সেশনের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়, পরে দ্রুত মালিবাগের প্রশান্ত হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পাঁচ দিনের লড়াই শেষে অবশেষে তার মৃত্যু হয়।