কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
কেরানীগঞ্জে অবস্থিত জমেলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরের দিকে ১২ তলা ভবনটির নিচতলায় হঠাৎ করে আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ৮ মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা মানুষজনের মধ্যে ভয় ও উৎকণ্ঠা দেখা দেয়। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।