পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার ব্রিজ সংলগ্ন হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল পৌনে ৭টার দিকে আগুনের খবর পাওয়া যায় এবং সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট অংশ নেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং উপরের অংশ আবাসিক। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ভবন থেকে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।