হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন। পরে সন্ধ্যার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আনুষ্ঠানিকভাবে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এসময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি সম্পর্কে আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ ও অবস্থান কর্মসূচি চলবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি করতে হবে। তারা জবাব না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
তিনি আরও বলেন, খুনিদের গ্রেফতারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এখন থেকে লাগাতার আন্দোলন চলবে। খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান।
এদিকে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। ইনসাফ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।