এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ ঘিরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। একপর্যায়ে বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। এতে বিটিআরসির মসজিদের বেশ কয়েকটি কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মসজিদে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন।

হঠাৎ এ ঘটনায় বিটিআরসি ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী হঠাৎ করে ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। নিরাপত্তাজনিত কারণে ছুটি শেষ হলেও অনেক কর্মকর্তা-কর্মচারী ভবন থেকে বের হতে পারছেন না বলেও জানান তিনি। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি বিটিআরসি এনইআইআর কার্যক্রম চালু করে, যার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। বুধবার সেই সময়সীমা শেষ হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495