ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর, ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও তারা একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আজও সেই দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে।

সড়ক অবরোধের ফলে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495