রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫ নারী যাত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের দ্রুত তৎপরতায় গাড়িতে থাকা পাঁচ নারী যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকরাইল মোড় অতিক্রম করার সময় মাইক্রোবাসটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় চালক দ্রুত গাড়ি থামিয়ে ভেতরে থাকা পাঁচ নারী যাত্রীকে নিরাপদে নামিয়ে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

মাইক্রোবাসের চালক রাজু ইসলাম জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে নিজ বাসায় ফিরছিলেন। গাড়িটির বয়স এক বছরেরও কম ছিল। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ অথবা যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যস্ত সড়কে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495