সাইন্সল্যাবে আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সরেজমিনে দেখা গেছে, সাইন্সল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সড়কের মাঝখানে অবস্থান নিয়ে দুপক্ষকে আলাদা রাখার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর রোডের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা অবস্থান নেন। অপরদিকে গ্রিনরোড অংশে অবস্থান করছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ এড়াতে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
জানা গেছে, বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করেন। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। আজ বৃহস্পতিবার আহত শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে বিষয়টি জানতে পেরে তার সহপাঠীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব এলাকায় ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।