দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি ছাড়লেন ৩ শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কোন্ডা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শহিদুল ইসলাম।

জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসাকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বাহাউদ্দিন, কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য আব্দুল খালেক, শ্রমিকদলের নেতা আতাউর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হাজী আনোয়ার হোসেন ফালানসহ আরও অনেকে।

জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসাকুর রহমান বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনের শিকার হয়েছেন তারা। যৌথবাহিনীর অভিযানে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তিনি নিজেও একাধিক মামলার আসামি। দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করার পরও বিএনপিতে কোনো মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে অন্তর্ভুক্ত করে বিএনপির নেতারা সংগঠন সাজিয়েছেন, ফলে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। বিএনপিতে তার দীর্ঘ রাজনৈতিক অবদান থাকা সত্ত্বেও অবমূল্যায়নের কারণেই বাধ্য হয়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

যুবদলের আরেক সাবেক নেতা বাহাউদ্দিন বলেন, দলের পক্ষে কাজ করেও তিনি সম্মান পাননি। বর্তমানে বিএনপিতে নতুনদের কদর বেশি, পুরোনো ত্যাগী নেতাকর্মীদের মূল্য নেই বলেই তিনি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কোন্ডা ইউনিয়ন বিএনপির নেতা লুৎফর রহমান বলেন, কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল কবির পলের অনুসারীরা বিএনপির কমিটিতে জায়গা না পাওয়ায় দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল চলছে।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেননি। ফলে হতাশ নেতাকর্মীরা বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495