ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, ঢাবি ছাত্রদল নেতার দায় স্বীকার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি দেখিয়ে চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের এক নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত আরিফ ফয়সাল টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চারজনই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। তারা হলেন সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম।

অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক পদে দায়িত্ব পালন করছেন। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে শীর্ষ নেতাদের সঙ্গে তার উপস্থিতির ছবিও পাওয়া গেছে।

ভুক্তভোগী মিফতাহুল শাহরিয়ার নিয়াজ জানান, কয়েকজন যুবক তাদের ডেকে কথাবার্তার একপর্যায়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে চোখ ও কপালের মাঝ বরাবর রক্তক্ষরণ হয়।

আরেক শিক্ষার্থী সৌরভ হাসান জানান, ছিনতাইকারীরা তাদের মানিব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে। বিকাশ ও নগদ অ্যাকাউন্ট পরীক্ষা করা হয়। দিয়ান পারভেজের অভিযোগ, নেশাদ্রব্য দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে ‘প্রলয় গ্যাং’ পরিচয়ে পুলিশে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় নগদ অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা ক্যাশআউট করা হয় এবং আরও ১৫ হাজার টাকা নগদ নিয়ে মোট ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। বাকি তিন শিক্ষার্থীকে গাছের ডাল ভেঙে পায়ে আঘাত করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগীরা নগদ এজেন্ট নম্বরে যোগাযোগ করে জানতে পারেন, ক্যাশআউট করা অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল এলাকার শাকিলের দোকানের একটি নগদ এজেন্ট নম্বরে নেওয়া হয়েছে।

হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ৮টা ৬ মিনিটে অভিযুক্ত আরিফ ফয়সাল ওই দোকানে গিয়ে নগদ থেকে ১৫ হাজার টাকা ক্যাশআউট করেন এবং রাত ৮টা ৮ মিনিটে দোকান ত্যাগ করেন। দোকানদারের তথ্য অনুযায়ী, অর্থটি স্টামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে অভিযুক্ত আরিফ ফয়সাল মুঠোফোনে বলেন, একজন বন্ধু তাকে ক্যাশআউটের জন্য ফোন করেছিলেন। পরে ঘটনার বিস্তারিত জানার পর ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে বিষয়টি ‘ক্লিয়ার’ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ছিনতাইয়ে কারা সরাসরি জড়িত ছিল—এ প্রশ্নে তিনি স্পষ্টভাবে নাম বলতে রাজি হননি। পরে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “ছিনতাইকারী যে দলেরই হোক, তাদের আইনের হাতে তুলে দিতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এ ঘটনায় এখনো কেউ প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495