ঢাকা-৮ কেন্দ্রে উত্তেজনা, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, এসময় তার ওপর হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাসের সমর্থিত কিছু কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি অবনতির দিকে গেলে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ভোট ডাকাতি’ ও হামলার অভিযোগ করেন। তিনি দাবি করেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।”
তিনি ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
তবে এ বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি