আদাবরে চাঁদা না পেয়ে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৫
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
রাজধানীর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত নয়টার দিকে মুনসুরাবাদ হাউজিংয়ের ১২ নম্বর সড়কে অবস্থিত আবির এমব্রয়ডারি কারখানায় ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কারখানার দুই কর্মী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই কারখানার শ্রমিকেরা বিচার দাবিতে মধ্যরাতে আদাবর থানা ঘেরাও করেন। তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোহান খান রাসেল ওরফে কালা রাসেল, মারুফ, হাসান, মো. রায়হান ও মো. রোমানকে গ্রেপ্তার করে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে আটজনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কারখানার মালিক মোস্তাফিজুর রহমান হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রোহান খাঁন রাসেল স্থানীয় একটি সন্ত্রাসী দলের নেতা। তার নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয় এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। নির্বাচনের পর থেকে তাদের উৎপাত বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
কারখানার শ্রমিকদের দাবি, বেতন নিয়ে বের হওয়ার সময় তাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই কর্মীকে কুপিয়ে জখম করে।
পুলিশ জানিয়েছে, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।