ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার অভিযোগে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। তাদের দাবি, কোনো অপরাধ না করেও তিনি হামলার শিকার হয়েছেন। বিনা কারণে কাউকে মারধরের অধিকার পুলিশের নেই বলেও তারা মন্তব্য করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে গিয়ে যদি এ ধরনের ঘটনার শিকার হন, তবে তা উদ্বেগজনক। তারা ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— হামলায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অযাচিত পুলিশি তৎপরতা বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।