রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত, সহপাঠী গ্রেপ্তার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। তিনি রায়েরবাজার হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে কলাবাগানের কাঁঠালবাগান এলাকা থেকে নিহত কিশোরীর সহপাঠী সিয়াম ওরফে ইমন (১৯)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, রক্তমাখা পোশাক এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন চরকঘাটা এলাকার একটি সড়কে বিন্তিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, নিহত কিশোরী ও গ্রেপ্তার যুবক একই স্কুলের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরী সম্পর্ক চালিয়ে যেতে অসম্মতি জানালে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।
গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলেছে।