বনানীতে ভবন থেকে ফেলা ‌‘আমাকে বাঁচান’ চিরকুট ঘিরে উত্তেজনা, গৃহকর্মী উদ্ধার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি ভবন থেকে ফেলা ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুট ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিরকুটকে কেন্দ্র করে গৃহকর্মীকে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসার মালিককে আটক করে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বনানীর ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে লোকজন জড়ো হতে শুরু করে। গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যার পরও ভবনের সামনে কড়াইল বস্তির কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, একটি বাসায় কর্মরত গৃহকর্মী বারান্দা থেকে একটি চিরকুট নিচে ফেলেন। সেখানে লেখা ছিল ‘আমাকে বাঁচান, ৯৯৯ নম্বরে ফোন করুন, না হলে আমার স্বামীর নম্বরে যোগাযোগ করুন।’

চিরকুটটি পেয়ে এক পথচারী বিষয়টি ছড়িয়ে দিলে দ্রুত ভবনের নিচে ভিড় জমে যায়। এ সময় গৃহকর্মীকে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

তিনি আরও জানান, কড়াইল বস্তির কিছু লোক ঘটনাস্থলে এসে মৃত্যুর গুজব ছড়ায় এবং আরও দুজনকে আটকে রাখা হয়েছে বলে দাবি করে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিক সোহানাকে আটক করা হয়েছে। গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন এবং তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495