থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। থানার ভেতরেই তাদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে যান ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক। সেখানে পৌঁছানোর পরই তারা হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটির স্ক্রিনশটকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় সেখানে উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে একই সময়ে থানায় প্রবেশ করেন জুবায়ের ও মোসাদ্দেক। তাদের ঘিরে ধরে ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাদের ওপর কিল-ঘুষি দিয়ে হামলা চালানো হয়।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে হামলার শিকার ডাকসু নেতারা শাহবাগ থানার ভেতরে অবস্থান করছেন। অন্যদিকে থানার বাইরে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495