ঢাকায় অবশেষে স্বস্তির বৃষ্টি, দাবদাহের পর হাসি ফিরল নগরজীবনে

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত

টানা তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। শনিবার দিনের শেষে নামা এই কাঙ্ক্ষিত বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তির অনুভূতি।

পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, রামপুরা, বাড্ডা ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও হালকা, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে ওঠে পুরো নগরী।

এর আগে বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে সেই মুহূর্ত উপভোগ করেন, আর অনেকে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরজীবন। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

চলতি বছর বৈশাখের শুরুটা ছিল বৃষ্টিহীন। মার্চ থেকে শুরু হওয়া কয়েক দফা তাপপ্রবাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। এর মধ্যে এই বৃষ্টি যেন এনে দিল স্বস্তির নিঃশ্বাস।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানানো হয়। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৭১ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সব মিলিয়ে দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টি রাজধানীর পরিবেশে কিছুটা শীতলতা এনে দিয়েছে এবং মানুষের মনে ফিরিয়েছে স্বস্তি ও প্রশান্তি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495